মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার রোলা নেছারিয়া দাখিল মাদ্রাসায় চলছে চরম অনিয়ম ও দায়িত্বহীনতা। শিক্ষকরা সরকারি নিয়ম ভেঙে নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে বাড়ি চলে যাচ্ছেন। শুধু তাই নয়, মাদ্রাসার সুপার মো. সিরাজুল ইসলামও জানেন না প্রতিষ্ঠান কতক্ষণ খোলা রাখতে হবে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়ায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
গত বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে মাদ্রাসার মূল ফটকে তালা ঝুলতে দেখা যায়। নৈশপ্রহরী ইব্রাহিম জানান, “আজকে পরীক্ষা ছিলো, পরীক্ষা শেষ হওয়ার পরে সবাই চলে গেছে।” স্থানীয়দের অভিযোগ, শিক্ষকরা নিজেদের ইচ্ছামতো আসেন এবং ছুটি দিয়ে চলে যান। এমনকি সুপারও ঠিকমতো মাদ্রাসায় আসেন না।
মাদ্রাসার সুপার মো. সিরাজুল ইসলাম বলেন, পরীক্ষার সময় তারা দুপুর সাড়ে ১২টার মধ্যেই মাদ্রাসা বন্ধ করে দেন। তার মতে, সকাল ১০টায় মাদ্রাসা শুরু হয়ে বিকেল ৪টায় ছুটি হয়। তবে ঝালকাঠি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার জানান, সরকারি নিয়ম অনুযায়ী সকাল সাড়ে ৯টায় শিক্ষক-শিক্ষার্থীদের মাদ্রাসায় উপস্থিত হতে হবে এবং পরীক্ষা চলাকালীনও বিকেল ৫টা পর্যন্ত প্রতিষ্ঠান খোলা রাখতে হবে। এর আগে বন্ধ করার কোনো নিয়ম নেই।
অভিভাবকরা দ্রুত এই মাদ্রাসায় কঠোর নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসে।








