ডেক্স রিপোর্টঃ
অসংক্রামক রোগ (এনসিডি) প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ৩৫টি মন্ত্রণালয়ের যৌথ প্রতিশ্রুতি সম্বলিত একটি ঘোষণাপত্র আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের (সিএও) শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ নথিটি আনুষ্ঠানিকভাবে পেশ করা হয়।
প্রধান উপদেষ্টা নিজে সিনিয়র সচিবদের কাছ থেকে এই ঘোষণাপত্র গ্রহণ করেন। এর আগে, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবরা সম্মিলিতভাবে এই নথিতে স্বাক্ষর করেন, যা বাংলাদেশে অসংক্রামক রোগ মোকাবেলায় সরকারের সর্বাত্মক প্রচেষ্টার একটি অনন্য দৃষ্টান্ত।
হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তার বক্তব্যে এনসিডি প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “এই রোগগুলো শুধু স্বাস্থ্যগত সমস্যা নয়, বরং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথেও বড় বাধা। সব মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. সায়েদুর রহমান এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। তারা প্রত্যেকেই এনসিডি প্রতিরোধে বহুমুখী পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।
এই অনুষ্ঠানে উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সিনিয়র সচিব, সচিব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই যৌথ ঘোষণাপত্রটি স্বাস্থ্য খাতের পাশাপাশি শিক্ষা, কৃষি, পরিবেশ এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে এনসিডি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।








