হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ মো. রাসেল গাজী (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের উত্তর আলগী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে হাইমচর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী উপজেলার উত্তর আলগী গ্রামের রশিদ ভূঁইয়ার বাড়ির সামনে অভিযান পরিচালনা করে। এ সময় উত্তর আলগী গ্রামের গাজী বাড়ির রফিক গাজীর ছেলে রাসেল গাজী (২৯) কে ৪৯ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ রাসেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
















