Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • ‘শাহরুখ স্যারের সঙ্গে করমর্দনের পর থেকে আমি আমার হাত ধুইনি’

‘শাহরুখ স্যারের সঙ্গে করমর্দনের পর থেকে আমি আমার হাত ধুইনি’

বিনোদন ডেস্ক:

বলিউড বাদশাহ শাহরুখ খান দীর্ঘ ৩৩ বছরের বর্ণময় অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্লকবাস্টার হিট সিনেমা এবং সম্মানজনক পুরস্কার পেলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অধরাই থেকে গিয়েছিল। সেই অপেক্ষার অবসান ঘটল অবশেষে! গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে বহু কাঙ্ক্ষিত সেই সম্মাননা গ্রহণ করলেন কিং খান।

শাহরুখ খানের এই ঐতিহাসিক অর্জনের সাক্ষী হতে পেরে আবেগাপ্লুত হয়েছেন পুরস্কার প্রদান কমিটির অন্যতম সদস্য, ওড়িয়া এবং হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী প্রকৃতি মিশ্র। তিনি মূলত ওড়িয়া চলচ্চিত্র এবং হিন্দি টেলিভিশনে কাজের জন্য সুপরিচিত, পাশাপাশি ২০১৮ সালে ‘হ্যালো আর্সি’ সিনেমার জন্য তিনিও জাতীয় পুরস্কার পেয়েছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরদিন অর্থাৎ বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রকৃতি মিশ্র তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শাহরুখ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি লেখেন, “আমি কখনো জানতাম না, আমি সেই সৌভাগ্যবান ১১ জনের একজন হব, যারা শাহরুখ স্যারকে তার বহু প্রতীক্ষিত ও প্রাপ্য প্রথম জাতীয় পুরস্কার প্রদান করার দায়িত্বে ছিলাম।”

কিং খানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রকৃতি মিশ্র বলেন, “আপনার বিনয়, কঠোর পরিশ্রম এবং সৌজন্য আমাদের অনুপ্রাণিত করেছে।” কিং খানের জনপ্রিয় সিনেমা ‘ওম শান্তি ওম’-এর বিখ্যাত সংলাপের আদলে তিনি আরও বলেন, “যদি তুমি কোনো কিছু মন থেকে চাও, তাহলে পুরো কায়নাত তোমাকে তা পেতে সাহায্য করে। এ জয়টা যেন আমার নিজের। কারণ এটা প্রতিটি ভারতীয় শিল্পীকে স্বপ্ন দেখার, চেষ্টা করার এবং সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।”

মজার ছলে অভিনেত্রী আরও লেখেন, “পিএস: পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখ স্যারের সঙ্গে করমর্দনের পর থেকে আমি আমার হাত ধুইনি।”

অভিনেত্রী প্রকৃতি মিশ্রের এই আবেগঘন পোস্ট এবং ছবিটি মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর শাহরুখ খানের এই জয় যেন তার অগণিত ভক্ত ও সহকর্মীর কাছে এক বিশাল অনুপ্রেরণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts