মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, “খেলাধুলা সমাজে শান্তি, ঐক্য এবং সম্প্রীতি বাড়াতে সাহায্য করে।” তিনি আরও উল্লেখ করেন যে, খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠন করা সম্ভব কারণ এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত করে, তরুণদের খারাপ অভ্যাস থেকে দূরে রাখে এবং দলগত কাজ, সহমর্মিতা, নেতৃত্ব ও নিয়মানুবর্তিতার মতো সামাজিক মূল্যবোধ গড়ে তোলে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ডিংগাভাংগা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
ড. জালাল উদ্দিন বলেন, খেলাধুলা একটি জাতির গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি শারীরিক ও মানসিক সুস্থতা, নেতৃত্ব ও দলবদ্ধভাবে কাজ করার মতো গুণাবলী বিকাশে সাহায্য করে। এছাড়া খেলাধুলায় মনোনিবেশ হলে সমাজের নানা ধরনের অপরাধ থেকেও যুবসমাজ বিরত থাকে।
শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এবং উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিরনের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম রনির পরিচালনায় অনুষ্ঠিত এই জমজমাট আয়োজনে উদ্বোধনী বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।
এসময় আরও উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মিরান হোসেন মিয়াজী, পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মিরাজ মাহমুদ জিসান।
এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এলাকার তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনে উৎসাহিত করাই ছিল এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।















