মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধিঃ
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে সুগন্ধা নদীতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় স্থানীয় জেলেরা অংশ নেন। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই ঐতিহ্যবাহী খেলা দেখতে নদীর দুই তীরে হাজার হাজার মানুষের ভিড় জমেছিল। ঢাক-ঢোল ও লোকগানের তালে তালে মাঝিদের বৈঠার ছন্দ এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
প্রতিযোগিতায় কলাবাগান এলাকার সোবাহান হাওলাদার ও তার দল প্রথম স্থান অধিকার করে। একই এলাকার মাহবুব সিকদারের দল দ্বিতীয় এবং দেউরি এলাকার মো. হাফিজুল ইসলামের দল তৃতীয় হয়।
প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং পৌর প্রশাসক মো. কাওসার হোসেন। এই প্রতিযোগিতা গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন করে সবার সামনে তুলে ধরেছে।









