Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে হাইমচরে মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে হাইমচরে মানববন্ধন

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন (কেজি) শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে চাঁদপুরের হাইমচর উপজেলায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য কেন?” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, হাইমচর উপজেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।

বৃহস্পতিবার হাইমচর উপজেলা পরিষদ রোডস্থ প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই মানববন্ধনে উপজেলার সকল কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ মাজহারুল ইসলাম শফিক। অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে আদর্শ শিশু নিকেতনের প্রধান শিক্ষক আঃ লতিফ মিয়া এবং জাগরী আদর্শ শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক শাহ মোঃ আলম বক্তব্য রাখেন।

মানববন্ধনটি পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান।

মানববন্ধন শেষে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫/০৭/২০২৫ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজনের যে পরিপত্র জারি করা হয়েছে, তা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কেজি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, বৃত্তি কেবল আর্থিক অনুদান নয়, এটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি ও শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা। এই বৈষম্য শিশুদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলবে এবং জাতীয় শিক্ষানীতির সমতার নীতির পরিপন্থী।স্মারকলিপিতে আরও বলা হয়, দেশে প্রায় ৪০ হাজার কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭০ লক্ষ শিক্ষার্থী অধ্যয়নরত, যারা দেশের প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী অবদান রাখছে। বর্তমান বৈষম্যবিরোধী সরকারের সময়ে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের এই বৈষম্যের শিকার হওয়া অপ্রত্যাশিত।

বক্তারা ১৭-০৭-২০২৫ তারিখের পরিপত্রটি প্রত্যাহার করে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগসহ প্রাথমিক শিক্ষার অন্যান্য সকল কার্যক্রমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমঅধিকার অক্ষুণ্ণ রাখার জোর দাবি জানান।

এ সময় মানববন্ধনে উপজেলার সকল কিন্ডারগার্টেন শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts