হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাছির উদ্দিন মোল্লার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় তার সভাপতির পদ স্থগিত করা হয়েছে। উপজেলা বিএনপি মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী এবং সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী যৌথ স্বাক্ষরে বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি একটি অডিও রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে নাছির মোল্লাকে জমি সংক্রান্ত বিষয়ে টাকা চাইতে শোনা যায়। এর আগেও তার বিরুদ্ধে সরকারি খাস জমিতে বসবাসকারী এক কৃষকের কাছ থেকে চাঁদা দাবি ও হামলায় জড়িত থাকার অভিযোগ ছিল। যদিও স্থানীয়দের একাংশ তার পক্ষে মানববন্ধনও করেছিলেন।
হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, নাছির উদ্দিন মোল্লা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছেন, অডিও রেকর্ডিংটি সম্পাদিত (এডিট করা) এবং তিনি কোনো অন্যায় করেননি। তিনি দলীয় তদন্তের যেকোনো সিদ্ধান্ত মেনে নেবেন বলেও জানান।








