আল আমিন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে নিয়ন্ত্রণ হারানো একটি ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাটকাঠি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই পেশায় শ্রমিক এবং একই উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে একটি ডাম্প ট্রাক মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পাটকাঠি নামক স্থানে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি যাত্রীবাহী ভ্যানকে সজোরে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান।
আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।
নিহতরা হলেন: ১. শ্রী উজ্জ্বল পাহান (২৫), পিতা: মৃত নরেন পাহান। ২. বীরেন পাহান (৫০), পিতা: মৃত খোকা পাহান। ৩. বিপুল পাহান (২২), পিতা: জিটুয়া পাহান। ৪. সঞ্জু উড়াও (৫০), পিতা: মাংড়া উড়াও। ৫. বিপ্লব বড়ুয়া (২৫), পিতা: অনিল পাহান বাটু।
তারা সবাই উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, তারা কাজ শেষে ভোরে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইমরুল কায়েস জানান, ভোর ৫টার দিকে তিনজনকে অত্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যু হয়। সব মিলিয়ে এই দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরো পড়ুন: https://banglaralo24tv.com/














