Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • সত্য প্রকাশে সাহসী সাংবাদিকতা সুশাসন প্রতিষ্ঠা করবে: ডিসি চাঁদপুর

সত্য প্রকাশে সাহসী সাংবাদিকতা সুশাসন প্রতিষ্ঠা করবে: ডিসি চাঁদপুর

স্টাফ রিপোর্টার:

“তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সুশাসন প্রতিষ্ঠা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ, সাহসী ও নির্ভীক ভূমিকা পালনের আহ্বান জানান।

মঙ্গলবার (৭ অক্টোবর, ২০২৫) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি)-এর আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তাঁর বক্তব্যে তিনি বলেন, “গণমাধ্যম একটি শক্তিশালী মাধ্যম। এই শক্তিশালী মাধ্যমকে রাষ্ট্র ও সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য কাজে লাগাতে হবে। সাংবাদিকরা যদি সত্য প্রকাশ করেন, তাহলে যারা সুশাসনের পরিপন্থী কাজে জড়িত, তারা দ্বিতীয়বার চিন্তা করবে। সাহসী ভূমিকা ছাড়া সঠিক সাংবাদিকতা সম্ভব নয়। সত্য প্রকাশের মধ্য দিয়েই সমাজে জবাবদিহিতা তৈরি হয় এবং সুশাসনের বাংলাদেশ গড়ে ওঠে।” তিনি আরও বলেন, তোষামোদী সাংবাদিকতা গণমানুষের আস্থা হারায়, তাই খারাপ কাজের মতোই ভালো কাজের সংবাদও তুলে ধরতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া। বিশেষ অতিথিবৃন্দ বলেন, গণমাধ্যম কেবল সংবাদ প্রকাশের মাধ্যম নয়, এটি জনগণ ও প্রশাসনের মধ্যে সংযোগ সেতু হিসেবে কাজ করে। সমাজের না বলা কথা, পিছিয়ে পড়া মানুষের দুঃখ-দুর্দশার কথা সমাজের উচ্চ শ্রেণির নিকট পৌঁছে দিতে গণমাধ্যম অগ্রণী ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), চট্টগ্রামের উপ-প্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসান। সভাপতির বক্তব্যে তিনি গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম তুলে ধরেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী। এছাড়াও উন্মুক্ত আলোচনায় অংশ নেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ এবং বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মো. মুজিবুর রহমানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। বক্তারা একমত পোষণ করেন যে, নৈতিকতা, সাহস ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশন করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং আগামীর বাংলাদেশ হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রগতিশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts