ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিমের নিবেদন এবং ওয়ার্ক এথিক্স সবসময়ই এক ভিন্ন মাত্রা যোগ করেছে। ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন, কঠোর নিয়ম-শৃঙ্খলা এবং নিজেকে প্রস্তুত রাখার এই প্রবণতা অন্য সবার থেকে তাঁকে আলাদা করেছে। এই নিবেদনের ফলস্বরূপ, আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটার।
দুই দফায় বাংলাদেশের প্রধান কোচ হিসেবে মুশফিককে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন চান্ডিকা হাথুরুসিংহে। আর সেই অভিজ্ঞতা থেকেই শততম টেস্টের আগে এই অভিজ্ঞ ক্রিকেটারের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাথুরুসিংহে জানান, পর্দার আড়ালের মুশফিক তাঁর কোচিংয়ের কাজটা অনেকাংশেই সহজ করে দিয়েছ হাথুরুসিংহে এ প্রসঙ্গে বলেন, “আমি দুই দফায় বাংলাদেশের কোচ ছিলাম, ওই সময় আমাদের সাফল্যের বড় একটা অংশে মুশফিকের বিশাল প্রভাব ছিল। মুশফিকের কঠোর পরিশ্রম করার মানসিকতা, কঠিন মুহূর্তে দায়িত্ব নেওয়া এবং নীরবে তরুণদের পরামর্শ দেওয়ার প্রবণতা… এসবই আমার কাজ কিংবা চাকরিকে সহজ করে দিয়েছিল।”
মুশফিকুর রহিম জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯৯ টেস্টে ১২ সেঞ্চুরি ও ২৭ হাফ সেঞ্চুরিতে মোট ৬ হাজার ৩৫১ রান করেছেন। পরিসংখ্যান বলছে, তাঁর টেস্ট ক্যারিয়ারের সাফল্যমণ্ডিত অধ্যায়ের বড় একটি অংশ জুড়ে রয়েছেন বর্তমান কোচ হাথুরুসিংহে। তাঁর খেলা ১২ টেস্ট সেঞ্চুরির মধ্যে পাঁচটিই এসেছে হাথুরুসিংহের প্রথম মেয়াদে কোচ থাকাকালীন।
মুশফিকের এমন নিবেদন এবং দলের প্রতি তাঁর অপ্রকাশিত ভূমিকার কারণে কোচের দায়িত্ব পালন করা যে কতটা সহজ হয়ে যায়, হাথুরুসিংহের এই মন্তব্য তারই ইঙ্গিত দেয়। দেশের ক্রিকেট ইতিহাসে মুশফিকের শততম টেস্টের এই ক্ষণটি তাঁর কঠোর পরিশ্রমের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।
আরো পড়ুন: https://banglaralo24tv.com/










