নিজস্ব প্রতিবেদক:
চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ গাজীকে (৪৫) বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ কুয়েতে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম ‘আরব টাইমস’-এর প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদক ব্যবসায়ী ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান বিশেষ নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে হাওয়ালি গভর্নরেটের সালমিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহাগ গাজী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৫ নম্বর বালিথুবা পশ্চিম ইউনিয়নের ইউপি সদস্য এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
কুয়েত পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সালমিয়া এলাকার একটি খোলা পার্কিং স্থানে সোহাগ গাজীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দায়িত্বরত টহল পুলিশ। পরে তাকে থামিয়ে দেহ তল্লাশি করলে নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ডিজিটাল মাধ্যম ও মেসেজিং অ্যাপ ব্যবহার করে ক্রেতাদের নির্দিষ্ট লোকেশন জানিয়ে তিনি গোপনে মাদক সরবরাহ করতেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে তার বাসস্থানে অভিযান চালায় পুলিশ। ওই তল্লাশিতে বাসা থেকে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুতকৃত ১০১টি হেরোইনের প্যাকেট, ২৫টি মেথামফেটামিনের প্যাকেট, একটি সূক্ষ্ম ওজন পরিমাপক স্কেল এবং মাদক সেবনের চারটি সরঞ্জাম জব্দ করা হয়।
ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন জানান, সোহাগ গাজী আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। পরবর্তীতে তার ইউপি সদস্য পদ বাতিল করা হয়। বিদেশে গিয়ে তিনি আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন বলে স্থানীয়ভাবে তথ্য পাওয়া গেছে।
বর্তমানে গ্রেপ্তারকৃত সোহাগ গাজী এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনি ব্যবস্থার জন্য কুয়েতের সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সমাজ সুরক্ষিত রাখতে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশে একজন জনপ্রতিনিধির এমন অপরাধমূলক কর্মকাণ্ডে গ্রেপ্তারের খবরে নিজ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।














