নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের হাজীগঞ্জে ৫১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুলহাস (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে হাজীগঞ্জ পৌরসভার খাটরা বিলওয়াই এলাকায় স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নুরে আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন জুলহাসকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে তাঁর পরিহিত লুঙ্গির ডান পাশ থেকে নীল পলিথিনে মোড়ানো দুটি প্যাকেটে ৫১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য ও ইয়াবাগুলো জব্দ করে তাঁকে থানায় নিয়ে আসে পুলিশ।
গ্রেপ্তারকৃত জুলহাস হাজীগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত ছাদেক মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, এ বিষয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।














