নিজস্ব প্রতিবেদক:
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে আদালত প্রাঙ্গণে হাতাহাতি ও হেনস্তার ঘটনার পর শারীরিকভাবে অসুস্থ বোধ করায় টিটেনাসের টিকা নিয়েছেন সাংবাদিক মো. সিয়াম হোসেন। রোববার (৮ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি এই টিকা নেন এবং প্রয়োজনীয় ওষুধপত্র সংগ্রহ করেন।
এর আগে গত ৫ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমনির জামিনের সংবাদ সংগ্রহ করতে যান সংবাদকর্মীরা। সেখানে তার সঙ্গে সাংবাদিকদের বাগ্বিতণ্ডা, ধাক্কাধাক্কি ও হেনস্তার ঘটনা ঘটে।
ভুক্তভোগী সিয়াম হোসেন ‘আগামীর সময়’ পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। তিনি জানান, ঘটনার দিন থেকেই তিনি শারীরিকভাবে কিছুটা অস্বস্তি ও অসুস্থ বোধ করছিলেন। পরবর্তীতে বিষয়টি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় তার মা উদ্বিগ্ন হয়ে তাকে দ্রুত হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দেন।
মায়ের তাগিদেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান উল্লেখ করে সিয়াম বলেন, ‘শরীরটা একটু খারাপ লাগছিল। ঘটনার দিন থেকেই আম্মু বারবার ফোন করছিলেন। নিউজ দেখে তিনি বিষয়টি জানতে পেরেছেন। আম্মু বলছিলেন, টিকা নাও বা না নাও, গিয়ে অন্তত চেকআপ করাও। হাসপাতালে আসার পর ডাক্তার টিটেনাস ভ্যাকসিন ও কিছু ওষুধ দিয়েছেন।’ রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি তিনি নিজেই উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় পরীমনির সঙ্গে গণমাধ্যমকর্মীদের বাক্বিতণ্ডা ও ধাক্কাধাক্কির অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেখানে উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, লিফটে ওঠার সময় ভিড়ের মধ্যে উত্তেজিত হয়ে সামনে থাকা এক সাংবাদিকের শার্টের কলার ধরে তার গলা ও ঘাড়ে নখের আঁচড় বা খামচি দেন পরীমনি। এ সময় অভিনেত্রীর ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরাও সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কি ও মারধরে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে।
অন্যদিকে, ভিড়ের সুযোগে এক সাংবাদিকের বিরুদ্ধে আপত্তিকরভাবে স্পর্শ করার পাল্টা অভিযোগ তোলেন চিত্রনায়িকা পরীমনি। ওই সময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করেন বলেও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।
এ ঘটনার পরপরই সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং হেনস্তার অভিযোগ ওঠে। ‘সমকাল’-এর প্রতিবেদক রবিউল হোসেনসহ কয়েকজন সংবাদকর্মী সেদিন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ ও পরীমনিকে বয়কটের দাবিতে চট্টগ্রামের একদল সাংবাদিক তার ছবির ওপর জুতা নিক্ষেপ করে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেন।












