Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • আবহাওয়া
  • কনকনে ঠান্ডায় কাঁপছে পঞ্চগড়, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

কনকনে ঠান্ডায় কাঁপছে পঞ্চগড়, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

কনকনে ঠান্ডায় কাঁপছে পঞ্চগড়, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

নিজস্ব প্রতিনিধি:

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আগের দিন বুধবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে পারদ নেমেছে ৩ দশমিক ২ ডিগ্রি।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি, রোববার ১৬ দশমিক ৪ ডিগ্রি, শনিবার ১৫ দশমিক ৮ ডিগ্রি এবং শুক্রবার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় সূর্যের আলো থাকায় গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাতে লেপ-কম্বল ব্যবহার করতে হচ্ছে। ভোরে ঘরের বাইরে বের হলেও শীতের তীব্রতা টের পাওয়া যাচ্ছে।

সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের গলেহাহাট এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, দিনের বেলায় রোদ উঠলে গরম লাগে, ঘরে ফ্যান চালাতে হয়। কিন্তু সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাতে লেপ-কম্বল ছাড়া থাকা কঠিন হয়ে পড়ছে।

একই এলাকার বাসিন্দা শাহীন বলেন, কয়েক দিন আগেও রাতে এতটা ঠান্ডা ছিল না। এখন ভোরে বাইরে বের হলে শীত অনুভূত হয়। আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশু ও বয়স্কদের নিয়ে বাড়তি সতর্ক থাকতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

19 November 2026

কনকনে ঠান্ডায় কাঁপছে পঞ্চগড়, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

www.hostbuybd.com