স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন যে দেশের একটি রাজনৈতিক দল অন্যান্য দলকে রাজনৈতিক অংশীদারিত্ব না দিয়ে একদলীয় ব্যবস্থার মাধ্যমে দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দেন যে বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে এবং নতুন ফ্যাসিবাদের হাতে এই মাটি ইজারা দেওয়া হবে না।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ ফুলবাড়ীয়ার সরকারি ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট, নির্বাচন-কালীন লেভেল প্লেয়িং ফিল্ড এবং খেলাফত প্রতিষ্ঠার’ দাবিতে আয়োজিত এক গণ-সমাবেশে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক তাঁর বক্তব্যে বলেন, “যেভাবে একটি দল বাংলাদেশকে কুক্ষিগত করে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আবারও কেউ কেউ পালাবদলের নামে আগামী ১৫ বছর ক্ষমতায় আঁকড়ে থাকার স্বপ্ন দেখছে।”
তবে তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই—বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। নতুন ফ্যাসিবাদের হাতে এই মাটি ইজারা দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামিক বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে জুলাই সনদ-ভিত্তিক বাংলাদেশ।”
খেলাফত ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি শায়খুল কুররা হাফেজ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বাংলাদেশ মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক ফজলুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি মোহাম্মদ সাইদ নূর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা (পশ্চিম) সভাপতি মুফতি সারওয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম, ময়মনসিংহ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী (১৫০ ময়মনসিংহ ফুলবাড়ীয়া ৬ আসন) মুফতি আব্দুল কাদের।
এছাড়াও খেলাফত মজলিসের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: https://banglaralo24tv.com/












