স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সেখানে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ভিড় বাড়ছে। দেশনেত্রীর প্রতি মানুষের আবেগ ও শ্রদ্ধার ফলেই এই উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।
তবে, এই পরিস্থিতিতে হাসপাতালে বেগম জিয়ার খোঁজখবর নিতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের অতিরিক্ত ভিড়ের কারণে সাবেক প্রধানমন্ত্রীসহ অন্যান্য রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটছে।
এমতাবস্থায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং দেশনেত্রীর পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী, সমর্থকসহ শুভাকাঙ্ক্ষীদের এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে সকলের প্রতি এই অনুরোধ মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে হাসপাতালে সুষ্ঠু চিকিৎসা পরিবেশ বজায় থাকে।
















