Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • সাবেক লাক্স তারকা তানজিয়া আঞ্জুম সোহানিয়া এখন ইউএনও

সাবেক লাক্স তারকা তানজিয়া আঞ্জুম সোহানিয়া এখন ইউএনও

স্টাফ রিপোর্টার

সাবেক লাক্স তারকা এবং প্রশাসন ক্যাডারের এক তরুণ কর্মকর্তা তানজিয়া আঞ্জুম সোহানিয়া নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারের দ্বিতীয় ধাপের রদবদলে কিশোরগঞ্জসহ নীলফামারীর তিনটি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে।

তানজিয়া আঞ্জুম সোহানিয়া ২০১০ সালে অনুষ্ঠিত চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন। তিনি সেই প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নেওয়ার পাশাপাশি ‘ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল’ ক্যাটাগরির পুরস্কারও অর্জন করেন। যদিও শোবিজে তার পদচারণা ছিল সীমিত, উচ্চশিক্ষা ও কর্মজীবনের প্রতি মনোযোগ তাকে জনপ্রশাসনের দিকে নিয়ে আসে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মেধাবী ছাত্রী হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি ৩৭তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি প্রশাসন ক্যাডারে নিয়োগ লাভ করেন। কিশোরগঞ্জে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সমন্বয় ও সংসদ বিভাগে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন।

তানজিয়া আঞ্জুম সোহানিয়ার শিক্ষাজীবন ও ব্যক্তিগত অর্জনও যথেষ্ট উজ্জ্বল। তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন—পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেন এবং জাতীয় পর্যায়ে গান, নাচ ও অভিনয়ে পুরস্কার লাভের গৌরব অর্জন করেন। কাব স্কাউটে রানার্স আপ হওয়ার সাফল্যও তার ঝুলিতে যুক্ত আছে।

তিনি টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ নিয়ে এসএসসি এবং কুমুদিনী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ নিয়ে এইচএসসি পাস করেন। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তার প্রশাসনিক ক্যারিয়ারের যাত্রা শুরু হয়।

তানজিয়া আঞ্জুম সোহানিয়ার বাবা ডা. আজিজুল হক খান একজন সরকারি কর্মকর্তা এবং মা সালমা সুলতানা একজন গৃহিণী। জনপ্রশাসনে তার এই নতুন দায়িত্বে আসায় কিশোরগঞ্জ উপজেলার মানুষেরা তার কাছ থেকে নতুন ও গতিশীল প্রশাসনিক সেবা প্রত্যাশা করছেন।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts