Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • রাজনীতি
  • কাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা

কাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল জানান, বুধবার জোহরের নামাজের পর দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন বিশাল এলাকায় এই জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। পুরো জানাজা কার্যক্রম সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

জানাজা শেষে সাবেক এই প্রধানমন্ত্রীকে তাঁর স্বামী স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া আগামীকাল বুধবার সারাদেশে সাধারণ ছুটি পালিত হবে।

বিএনপি মহাসচিব দেশবাসীকে সুশৃঙ্খলভাবে জানাজায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্রের জন্য সারা জীবন বিসর্জন দেওয়া এই মহান নেত্রীর বিদায়ে জাতি এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। এই শোককে শক্তিতে রূপান্তর করে আমাদের দেশপ্রেমের পথে এগিয়ে যেতে হবে।” জানাজা ও দাফন কর্মসূচিতে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তিনি নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. মঈন খানসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রী।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts