আলা আমিন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় মাদক সেবন এবং মাদকদ্রব্য বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত এক নারী ও এক পুরুষকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেছেন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা শ্রীরামপুরা ঋষিপাড়া ও খুদিয়াডাঙ্গা গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নওগাঁ এবং মান্দা থানা পুলিশের সমন্বয়ে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল শ্রীরামপুর ঋষিপাড়ার মৃত যোগেন্দ্র ঋষির মেয়ে শ্রীমতি আদরী ঋষি (৩০) এবং খুদিয়াডাঙ্গা গ্রামের মোনায়েম হোসেন প্রামাণিকের ছেলে মুতাসিম বিল্লাহ (২১)-কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, টাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পরে তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে তাদের সাজা ঘোষণা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ২১ ধারায় দু’জনকেই ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় প্রসিকিউশনে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. হুমায়ুন কবীর ও মান্দা থানা পুলিশের এসআই কাজী মো. নজরুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামাদি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আরো পড়ুন: https://banglaralo24tv.com/
















