হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
পুলিশ জানায় রবিবার ১৬ নভেম্বর হাইমচর থানার অফিসার ইনচার্জ এর সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিঃ) ফারুক উল ইসলাম তাঁর সঙ্গী অফিসার ও ফোর্সের সঙ্গে সেনাবাহিনীকেও যুক্ত করে একটি যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযানটি হাইমচর থানাধীন পূর্ব চরকৃষ্ণপুর এলাকার জনৈক আবুল কবিরাজের বাড়ির সামনে আধা পাকা রাস্তার ওপর পরিচালিত হয়। এ সময় মাসুদ রানা ওরফে মাসুদ তপাদার (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর দেহ তল্লাশি করে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসুদ তপাদার হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামের (৯ নং ওয়ার্ড) বাসিন্দা। তাঁর বাবার নাম হযরত আলী তপাদার এবং মায়ের নাম রৌশনারা বেগম।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ আসামীকে থানায় হাজির করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, গ্রেপ্তারের পরদিন যথাযথ পুলিশ প্রহরায় আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মাদকদ্রব্য নির্মূলে সব সময় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আরো পড়ুন: https://banglaralo24tv.com/
















