Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

চাঁদপুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মৃত শাহাদাত খানের স্ত্রী আমেনা বেগম রিনা (৬৫) এবং তাঁর ছেলে এনামুল হক রাসেল খান (৩৫)।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির প্রায় ৫০০ গজ দূরে তাদের একটি নতুন ভিটাবাড়ি রয়েছে। সেখানে সেচ দেওয়ার জন্য একটি স্যালো মেশিনে পানির সংযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এনামুল হক রাসেল। মঙ্গলবার রাতে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটি থেকে সরাসরি সংযোগ নেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে জড়িয়ে যান।

ছেলের এই অবস্থা দেখে তাকে বাঁচাতে মা আমেনা বেগম রিনা দ্রুত এগিয়ে যান। কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে স্পর্শ করার সাথে সাথেই তিনিও বিদ্যুতায়িত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই মা ও ছেলের শরীরে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তারা মৃত্যুবরণ করেন।

একই সাথে মা ও ছেলের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো দক্ষিণ নলুয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব এবং মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, “প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি এটি একটি দুর্ঘটনা। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে অবৈধ বা ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ সংযোগ না নেওয়ার জন্য পুনরায় সতর্ক করা হয়েছে।

আরো পড়ুন: https://banglaralo24tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts