Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • মান্দায় পাখি শিকার করতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

মান্দায় পাখি শিকার করতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

আল আমিন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় পাখি শিকার করতে গিয়ে রায়হান (২৩) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার ভারশোঁ ইউনিয়নের উৎরাইল বিলের একটি খালের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রায়হান ভারশোঁ মৎস্যজীবী গ্রামের আবুল কালামের ছেলে। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে রায়হান পাখি শিকারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে উৎরাইল বিলের দিকে যান। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। বিকেলের দিকে স্থানীয়রা বিলের একটি খালের ধারে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

রায়হানের মৃত্যুর সঠিক কারণ নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল কি না বা ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন এটি দুর্ঘটনা হতে পারে, আবার কেউ কেউ একে রহস্যজনক মনে করছেন।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে জানা যায়, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছে। তদন্ত সাপেক্ষে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বর্তমানে রায়হানের পরিবারে চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার বাবা-মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts