নওগাঁ প্রতিনিধি:
“দেশীয় জাত—আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেশীয় জাতের সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ঘটানোর বার্তা নিয়েই পালিত হলো এবারের সপ্তাহ।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের যৌথ উদ্যোগে প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে দিনব্যাপী এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ তানভীর হাসান এর সঞ্চালনায় এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন সহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
কৃষক ও খামারিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ প্রদর্শনীতে স্থানীয়ভাবে উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, আধুনিক খামার প্রযুক্তি, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং পুষ্টিকর প্রাণিখাদ্যের বিভিন্ন নমুনা তুলে ধরা হয়। দর্শনার্থীরা আধুনিক খামার পদ্ধতি ও উন্নত জাত সম্পর্কে ধারণা লাভ করেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে খাইরুল এগ্রো ফার্ম-এর প্রতিনিধি ইমাম হোসেন দেশীয় জাতের সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং খামারি প্রশিক্ষণের গুরুত্বের ওপর জোর দেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী তাঁর বক্তব্যে বলেন,
“প্রাণিসম্পদ খাতে দেশের অগ্রগতি নির্ভর করে মানসম্মত জাত সংরক্ষণ, বিজ্ঞানভিত্তিক খামার ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর সমন্বিতভাবে কাজ করলে এ খাত আরও শক্তিশালী হবে।”
তিনি আশা প্রকাশ করেন, এই প্রদর্শনীর মাধ্যমে স্থানীয় খামারিরা আধুনিক প্রযুক্তি গ্রহণে আরও উৎসাহিত হবেন এবং দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরো পড়ুন: https://banglaralo24tv.com/
















