হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে চাঁদপুরের হাইমচরে এক মহতী দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে গত রবিবার (২ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ আলগী মাওঃ নুরুজ্জামান জিয়াউন্নিসা হাফেজিয়া মাদরাসায় এই অনুষ্ঠান আয়োজিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ড. মোঃ সলিম উল্যাহ। তিনি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও মানবিক দিকগুলো বিশদভাবে তুলে ধরেন এবং সকলকে এই মহৎ কাজে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “একটি মানবিক বাংলাদেশ গঠনে স্বেচ্ছাসেবী সংগঠনের বিকল্প নেই। আপনারা যারা এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত আছেন, সকলে মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাবেন। ‘মানুষ মানুষের জন্য, তবেই তো জীবন ধন্য’—এই কথাটি আপনারা সব সময় মনের মধ্যে রাখবেন এবং হাইমচরবাসীর কল্যাণের জন্য যেকোনো কাজ করবেন, আমি আপনাদের পাশে সব সময় আছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ এ. কাইউম। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ ইসমাঈল তপাদার সভায় সভাপতিত্ব করেন। বক্তারা স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে রক্তের অভাব পূরণে সকলকে সচেতন হওয়ার গুরুত্বের ওপর জোর দেন।
সভাপতির বক্তব্যে মোঃ ইসমাঈল তপাদার সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে রক্তদান আন্দোলনের গতিশীলতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ ওবায়েদ উল্যাহ এবং সাধারণ সম্পাদক শিহাব হোসেন রাছেল।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন দক্ষিণ আলগী মাওঃ নুরুজ্জামান জিয়াউন্নিসা হাফেজিয়া মাদরাসার ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ আনিসুর রহমান মুহেব্বী। এ সময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে রক্তদাতাদের ও দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।
আরো পড়ুন: https://banglaralo24tv.com/
















