নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. নাজমুল ইসলাম সরকারের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে শেখ ফরিদ আহমেদ মানিক গণমাধ্যমকে বলেন, “দীর্ঘ ১৭ বছর বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন-সংগ্রাম করেছি, আজকের এই নির্বাচন সেই সংগ্রামেরই ফসল। আমরা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও শক্তিশালী নির্বাচন কমিশনের জন্য লড়াই করেছি। আশা করি, ভোটাররা কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।”
চাঁদপুরকে নতুনভাবে গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “ধানের শীষে ভোট দিয়ে চাঁদপুরকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি জেলাবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ সফিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিমসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
















