স্টাফ রিপোর্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে চাঁদপুর-৩ আসন। এরই অংশ হিসেবে শুক্রবার চাঁদপুর পৌর ৪ ও ৫নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও একাধিক উঠান বৈঠক করেছেন ধানের শীষের প্রার্থী এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিরতিহীনভাবে তিনি এই দুই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং তাদের সাথে মতবিনিময় করেন।
উঠান বৈঠকগুলোতে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “চাঁদপুর-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে নানা নাগরিক সমস্যা ও বঞ্চনার শিকার। আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে জনগণের প্রকৃত সেবক হিসেবে সংসদে গিয়ে এই এলাকার সার্বিক উন্নয়ন ও আপনাদের ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখব।”
তিনি আরও যোগ করেন, “ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি গণতন্ত্র ও মানুষের মুক্তির দিশারী। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার চলার পথের প্রধান শক্তি।”
এদিন বিকেল ৩টায় পৌর ৫নং ওয়ার্ডের রঘুনাথপুর ভাঙ্গাপোল বায়তুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন মাঠে প্রথম উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। এরপর বিকেল পৌনে ৫টায় রঘুনাথপুর হাজী এ করিম খান উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় বৈঠক এবং সবশেষে সন্ধ্যায় ৪নং ওয়ার্ডের ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শেষ বৈঠকটি সম্পন্ন হয়। এসময় ৫নং ওয়ার্ডে প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীরা একটি ‘পিতলের ধানের শীষ’ উপহার দেন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদের সঞ্চালনায় এসব বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:
- এস এম কামাল উদ্দিন (কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য)
- খলিলুর রহমান গাজী ও ডি এম শাহাজাহান (জেলা সহ-সভাপতি)
- অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ (জেলা যুবদল সাধারণ সম্পাদক)
- অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা (জেলা মহিলা দল সাধারণ সম্পাদিকা)
এছাড়া অনুষ্ঠানে ওয়ার্ড ও পৌর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। গণসংযোগ ও বৈঠকের সময় পুরো এলাকায় ধানের শীষের সমর্থনে ব্যাপক স্লোগান ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
















