নিজস্ব প্রতিবেদক:
এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বিকেল ৩টা ৫৫ মিনিটে তারেক রহমান অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। অনুষ্ঠানস্থলে উপস্থিত দেশি-বিদেশি প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের করতালিতে মুখরিত হয়ে ওঠে সংসদ চত্বর। শপথ গ্রহণের মাধ্যমে দীর্ঘ প্রবাস জীবন ও রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে দেশের সর্বোচ্চ নির্বাহী পদে আসীন হলেন তিনি।
প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান। সরকার পরিচালনায় অভিজ্ঞ ও নতুন মুখদের সমন্বয়ে মোট ৪৮ সদস্যের একটি বিশাল মন্ত্রিসভা গঠন করা হয়েছে।
নবগঠিত মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এজেড এম জাহিদ হোসেনের মতো জ্যেষ্ঠ নেতারা। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হয়েছেন খলিলুর রহমান ও আমিনুর রশিদ।
এছাড়াও গুরুত্বপূর্ণ এই তালিকায় রয়েছেন— আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।
তরুণ ও মাঠপর্যায়ের জনপ্রিয় নেতাদের প্রাধান্য দিয়ে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল এবং ইশরাক হোসেন। এছাড়া জোট ও সমমনা দলগুলোর মধ্যে থেকে জোনায়েদ সাকি, নুরুল হক নুর এবং ববি হাজ্জাজও মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।
প্রতিমন্ত্রীদের তালিকায় আরও রয়েছেন— শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, ফারজানা শারমিন পুতুল, শেখ ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর এবং আলী নেওয়াজ খৈয়াম।
শপথ গ্রহণ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ভঙ্গুর অর্থনীতি সংস্কারের ওপর জোর দেওয়ার প্রতিশ্রুতি দেন। নতুন এই সরকার দেশের গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর বলে জানান সংশ্লিষ্টরা।
আরো পড়ুন: https://banglaralo24tv.com/














