ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।
শনিবার বিকেলে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া খন্দকার বাড়ির পেছনের মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় কচুয়া গ্রামের যুব সমাজের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও এ মেলার আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৩টি দ্রুতগামী ঘোড়া অংশ নেয়। মাঠের চারপাশ ঘিরে কয়েক হাজার নারী, শিশু ও উৎসুক জনতা এই রোমাঞ্চকর দৌড় উপভোগ করেন।

ঘোড়দৌড়কে কেন্দ্র করে মাঠের আশেপাশে হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে বসে গ্রামীণ মেলা, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবারের দৌড়ে মোঃ মহসিনের ঘোড়া প্রথম স্থান অধিকার করে। এছাড়া মোঃ রিয়াদের ঘোড়া দ্বিতীয় এবং মো. সিরাজ সিকদারের ঘোড়া তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট শিল্পপতি মোঃ শহীদুল ইসলাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা হেলাল কিরন, এটিএন বাংলা জেলা প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন।
বিশিষ্ট সমাজসেবক এস এম মনিরুল ইসলাম রুঙ্গু, সমাজসেবক মোঃ জাকির হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, যান্ত্রিকতার এই যুগে গ্রাম বাংলার এসব ঐতিহ্যবাহী খেলাধুলা হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতেই প্রতিবছর এই আয়োজন করা হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই মেলা ও ঘোড়দৌড় আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।














