নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপি’র নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি ও প্রথম সাধারণ সভা শুক্রবার (১১ জুলাই) দূর্গাপুর হাইস্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, যিনি নবগঠিত কমিটির সদস্যদের ফরম সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন।
শেখ ফরিদ আহমেদ মানিক তাঁর বক্তব্যে প্রবীণ নেতাদের উপস্থিতির প্রশংসা করেন এবং অন্যায়কে প্রশ্রয় দানকারী বা দলের নাম ভাঙিয়ে অন্যায় কাজে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি দৃঢ়ভাবে বলেন, “অন্যায়কে যারা প্রশ্রয় দেবেন তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক থাকতে পারে না। যারা দলের নাম ভাঙিয়ে অন্যায় করবে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।”
তিনি আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, “নির্বাচনের জন্যে আমরা ১৭ বছর যাবত ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। নির্বাচন খুবই কাছে। আগামী নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।”
তারেক রহমানের জনমুখী ভাবনা এবং সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্দেশ্যের ওপর জোর দিয়ে মানিক বলেন, “তারেক রহমান দেশের জনগণ নিয়ে ভাবেন। সদস্য সংগ্রহ এবং নবায়নের ব্যাপারে আমাদের নেতা তারেক রহমানের উদ্দেশ্য রয়েছে।” তিনি আরও উল্লেখ করেন যে, হাইমচর উপজেলা বিএনপির নবগঠিত কমিটিতে যারা স্থান পেয়েছেন, তারা বিগত দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে মাঠে ছিলেন। হাইমচরের উন্নতির জন্য জেলা বিএনপির কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, দুই একটি দল বিএনপি’র নামে কথা বলে, কই আমি আমিন ভাই ও শফিক ভাইকে বিগত সময়ে বলতাম হাইমচরে অন্য দলের নেতাকর্মীসহ যৌথ মিছিলের জন্য, উনারা আমাকে উত্তর দিত দুই একজন আছে মসজিদে নামাজ পড়ে আর আওয়ামী লীগের সাথে দালালি করে। এখনো আন্ডারগ্রাউন্ডে আওয়ামী লীগের সাথে দালালি করে। তারা মনে করে আওয়ামী লীগ ভোট দিয়ে তাদেরকে জিতিয়ে দিবে। আওয়ামী লীগের তো ভোটই নেই আপনাদেরকে ভোট দিবে কোথা থেকে।
উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লা সেলিম।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান গাজী, সহ-সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার ডি এম শাহজাহান, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আ.খালেক খান, সহ-সভাপতি মিজানুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, প্রবীণ বিএনপি নেতা আ. হামিদ মাস্টার, হারুনুর রশিদ ভুট্টো মুন্সি প্রমুখ।
অনুষ্ঠানে হাইমচর উপজেলা বিএনপি’র নবগঠিত কার্যকরী কমিটির সদস্য, উপদেষ্টা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








