নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসন থেকে দেশ মুক্তি পেয়েছে। আমরা সাম্য ও ধর্মীয় সম্প্রীতির রাজনীতি করি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক যেন সমান অধিকার নিয়ে নগরকান্দা ও সালথায় বসবাস করতে পারে, বিএনপি সেই লক্ষ্যে কাজ করছে। তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসহ রাষ্ট্রের সকল ক্ষেত্রে প্রতিটি মানুষ সমান সুবিধা পাবে। দেশের সকল ধর্মের ও মতের মানুষ বাংলাদেশের পতাকাতলে বাংলাদেশি পরিচয়ে থাকবে। এর চেয়ে বড় পরিচয় আর কিছু হতে পারে না।
শনিবার বিকালে নগরকান্দা পৌরসভার কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, তাদের আমলে হিন্দুদের জমি দখল করা হয়েছে, পূজামণ্ডপে হামলা হয়েছে এবং বিশ্বজিৎকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতির কোনো চেতনা ছিল না, তাদের একমাত্র চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করা। আওয়ামী লীগ সবসময় হিন্দুদের ‘জুজুর ভয়’ দেখিয়ে বলেছে, নৌকায় ভোট না দিলে তারা এ দেশে থাকতে পারবে না। এই ভয় থেকে বেরিয়ে আসার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। তিনি নিজেকে হিন্দুদের বোন হিসেবে উল্লেখ করে সুখে-দুঃখে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
বিএনপি নেত্রী আরও বলেন, বিএনপি কোনো ধরনের নির্যাতন, খুন, বা গুম সমর্থন করে না। তিনি বলেন, আওয়ামী লীগ যাকে খুশি তাকে খুন করেছে, গুম করেছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভাই-বোন হিসেবে একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করার আহ্বান জানান।
গত ১৭ বছরের দুঃশাসনের কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, তিনি প্রতি বছর হিন্দুদের অনুষ্ঠানে আসার চেষ্টা করেছেন। কিন্তু এলাকার ‘বিনা ভোটের এমপি’ পুলিশ দিয়ে তার নেতাকর্মী ও হিন্দু ভাই-বোনদের হয়রানি করেছেন, যাতে তিনি অনুষ্ঠানে আসতে না পারেন এবং আনন্দ ভাগ করে নিতে না পারেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অজয় কর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, নগরকান্দা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের রনদা প্রসাদ ও গোসাই দাস।








