স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলের আটকাদেশ থেকে মুক্ত হয়ে দেশে ফেরার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি এই কৃতজ্ঞতা জানান।
শহিদুল আলম তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “ধন্যবাদ, ড. ইউনূস! এবং জাতিসংঘ সাধারণ পরিষদে আপনার বার্তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ।”
এর আগে শুক্রবার সন্ধ্যায় তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে দেশে ফেরার পথে ইস্তাম্বুলে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। এই তথ্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় নিশ্চিত করা হয়েছে।
শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করা এবং ইসরায়েল থেকে তাঁর প্রত্যাবর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে আলোকচিত্র শিল্পী ও মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত শহিদুল আলমের মুক্তি নিশ্চিতকরণে প্রধান উপদেষ্টার এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।








