Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • একাধিক অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: অন্তর্বর্তী সরকার

একাধিক অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: অন্তর্বর্তী সরকার

স্টাফ রিপোর্টার:

দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে সৃষ্ট গভীর উদ্বেগের বিষয়ে অবগত থাকার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

শনিবার (১৮ অক্টোবর) রাতে সরকারের পক্ষ থেকে এক জরুরি বিবৃতিতে সকল নাগরিককে আশ্বস্ত করে বলা হয়—নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

বিবৃতিতে স্পষ্টভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, এসব অগ্নিকাণ্ডে নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না বলেও উল্লেখ করা হয়।

সাম্প্রতিক সময়ে ঢাকা ও চট্টগ্রামে বেশ কয়েকটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে রাজধানীর মিরপুরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় আগুন এবং সবশেষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা জনমনে ব্যাপক শঙ্কা সৃষ্টি করে।

বিবৃতিতে অন্তর্বর্তী সরকার আরও জানায়, “আমরা স্পষ্ট করে বলতে চাই—যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয়, এবং এর উদ্দেশ্য হয় জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা, তবে তারা সফল হবে কেবল তখনই, যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার ওপর প্রাধান্য দিতে দেব।”

দেশবাসীকে ঐক্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে সরকার বলেছে, “বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় অতিক্রম করেছে। আমরা ঐক্য, সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রের উত্তরণের পথে যেকোনো হুমকির মোকাবিলা করব। আমাদের ভয় পাওয়ার কিছু নেই।” সরকার জনগণের প্রতি শান্তি বজায় রেখে তদন্ত কার্যক্রমে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts