ডেক্স রিপোর্টঃ
বাংলাদেশে সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় যান।
সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে তিনি খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন। এর আগে, সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনও সেখানে পৌঁছান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ইসহাক দার বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতেই এসেছেন। উল্লেখ্য, গতকাল শনিবার একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ঢাকায় পৌঁছে ইসহাক দার বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন।









