ডেক্স রিপোর্টঃ
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। আজ এক শোক বার্তায় তিনি এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক জানান।
প্রধান উপদেষ্টা বলেন, এই দুর্ঘটনায় বিমানসেনা এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। তিনি এটিকে জাতির জন্য একটি গভীর বেদনার ক্ষণ হিসেবে অভিহিত করেন।
আহতদের দ্রুত আরোগ্য কামনা করে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানান, সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।








