Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুর বড় স্টেশন ইলিশের আড়তে এখন পাঙাশের রাজত্ব!

চাঁদপুর বড় স্টেশন ইলিশের আড়তে এখন পাঙাশের রাজত্ব!

স্টাফ রিপোর্টার:

মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা (৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর) শেষ হওয়ার পর চাঁদপুর জেলার পদ্মা-মেঘনা নদী ও বড়স্টেশন মাছঘাটে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। শনিবার ভোর রাত থেকেই জেলেরা পুনরায় ইলিশ শিকারে নেমেছেন। নিষেধাজ্ঞা শেষে নদীতে নামতে পেরে জেলেদের মুখে আনন্দের হাসি দেখা গেলেও, প্রথম দিনেই ইলিশের প্রত্যাশিত দেখা না মেলায় তাদের মধ্যে কিছুটা হতাশা ছিল। তবে সেই হতাশা দূর করেছে জালে ধরা পড়া বিশাল আকারের পাঙাশ মাছ

মাছঘাট ঘুরে দেখা যায়, ইলিশের আড়তগুলো যেন এখন পাঙাশ মাছের দখলে। বলা চলে, ইলিশ নয়, মাছঘাটে এখন চলছে পাঙাশের রাজত্ব। জেলেদের জালে ধরা পড়া বড় আকারের এই নদীর পাঙাশে ভরে গেছে ঘাটের আড়তগুলো।

নদী থেকে ধরা এসব তরতাজা পাঙাশ প্রতি কেজি ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। ইলিশের দাম এখনও তুলনামূলকভাবে বেশি থাকায় অনেক ক্রেতাই এখন সাশ্রয়ী মূল্যের এই পাঙাশের দিকে ঝুঁকছেন।

জেলে শুক্কুর আলী জানান, “দীর্ঘদিন নদীতে নামতে পারিনি। ভোরে জাল ফেলেছি, ইলিশ তেমন একটা পাইনি। কিন্তু কয়েকটা বড় বড় পাঙাশ উঠেছে, যার কারণে কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। নদীতে ইলিশ না থাকলেও এখন বড় বড় পাঙাশ আছে। বেশিরভাগ জেলের জালেই পাঙাশ উঠছে। এখন পাঙাশ ধরেই কিছুটা ঘুরে দাঁড়াতে পারবো।”

এদিকে, মাছঘাটে মাছ কিনতে আসা ক্রেতা হেলাল বলেন, “ইলিশের দাম এখন অনেক বেশি। তাই পাঙাশই কিনে নিচ্ছি। ইলিশগুলো দেখে মনে হচ্ছে পুরোনো মজুত করা মাছ, আর পাঙাশ মাছ একেবারে তরতাজা।”

মাছ ব্যবসায়ী জলিল হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, “নিষেধাজ্ঞা শেষে প্রথম দিন ইলিশের পরিমাণ কম হলেও আগামী কয়েকদিনের মধ্যে ইলিশের সরবরাহ বাড়তে পারে। তবে এই মৌসুমে বড় আকারের পাঙাশ পাওয়াটা স্বাভাবিক। প্রতিদিন যদি পাঙাশ পাওয়া যায়, দাম নাগালের মধ্যেই থাকবে।”

চাঁদপুর সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এ প্রসঙ্গে জানান, “মা ইলিশ রক্ষা অভিযানে পাঙাশ অবাধে বিচরণ করার সুযোগ পেয়েছে, যার কারণে নদীতে বড় বড় পাঙাশ পাওয়া যাচ্ছে। জাটকা মৌসুমে পাঙাশগুলো ছোট ছিল, সেই সময় আমরা অভিযান পরিচালনা করে পোনামাছ রক্ষা করতে পেরেছি। ছোট আকারের মাছগুলোকে বেড়ে উঠার সুযোগ তৈরি করে দিতে হবে। এতে জেলেরাই লাভবান হবেন।”

ইলিশের অনুপস্থিতিতে পাঙাশের এই বিপুল সরবরাহ চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে আপাতত মাছের বাজারের চাহিদা ও সরবরাহ বজায় রেখেছে।

আরো দেখুর: https://banglaralo24tv.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

28 October 2025

চাঁদপুর বড় স্টেশন ইলিশের আড়তে এখন পাঙাশের রাজত্ব!

www.hostbuybd.com