নিজস্ব প্রতিবেদক:
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ এক মাস চিকিৎসা শেষে উন্নততর পুনর্বাসন ও ফিজিওথেরাপির জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে।
গত মঙ্গলবার (১৪ এপ্রিল) তাকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার একটি বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল।
সোহেল জানান, সিঙ্গাপুরে নিবিড় চিকিৎসার পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শে এখন তার শারীরিক সক্ষমতা পুরোপুরি ফিরে পেতে নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন। এই লক্ষ্যেই তাকে মালয়েশিয়ার পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে। চিকিৎসকরা আশা করছেন, সেখানে যথাযথ ফিজিওথেরাপির মাধ্যমে তিনি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান বিএনপির এই প্রভাবশালী নেতা। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক জটিলতা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকদের পরামর্শে গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে পাঠানো হয়।
মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত মালয়েশিয়াতেই তার চিকিৎসা কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।
মির্জা আব্বাস বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।









