নিজস্ব প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তারের দুই ছেলে মো. আব্দুর রহিম (৪০) ও মো. রাকিব (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই ভাই পেশায় গাছ কাটার শ্রমিক ছিলেন। দীর্ঘদিন ধরে তাঁরা বাবার সঙ্গে বিভিন্ন স্থানে গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ঘটনার দিন সকালে তজুমদ্দিন থেকে বাবা আলম বক্তার তাঁর তিন ছেলেকে নিয়ে বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নে নিজের শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটার কাজ করতে যান।
গাছ কাটার একপর্যায়ে জমিতে একটি ছেঁড়া বিদ্যুতের তার পড়ে থাকতে দেখে পিতা আলম বক্তার তা সরাতে যান। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। বাবাকে ছটফট করতে দেখে তাঁকে বাঁচাতে নিচে দাঁড়িয়ে থাকা এক ছেলে দ্রুত এগিয়ে যান এবং তিনিও বিদ্যুতায়িত হন। পরে গাছের ওপর থাকা অপর ছেলেও বাবাকে ও ভাইকে বাঁচাতে নিচে নেমে এলে দুই সহোদরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরবর্তীতে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাই আব্দুর রহিম ও রাকিবকে মৃত ঘোষণা করেন। তবে ভাগ্যক্রমে সামান্য আহত হয়ে বেঁচে যান তাঁদের বাবা আলম বক্তার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।














