নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির পদ ফিরে পেল বাংলাদেশ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় বিকেল ৩টায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধন করবেন এবং সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
এর আগে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তিনি। বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সোমবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন খলিলুর রহমানকে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।
খলিলুর রহমান জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন। এর আগে ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে এই গৌরব অর্জন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।
গত ২ জুন জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত সদস্য রাষ্ট্রগুলোর গোপন ব্যালট নির্বাচনে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। ওই নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন।









