চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, সাক্ষরতা বলতে শুধু নামের স্বাক্ষর করাকে বোঝায় না; এর প্রকৃত অর্থ হলো একজন মানুষকে পড়তে, লিখতে ও প্রয়োজনীয় বিষয় বুঝতে সক্ষম করে তোলা। শিক্ষা ও সাক্ষরতার মাধ্যমে মানুষের সচেতনতা বাড়ে, নিজ অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানা যায় এবং সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হয়। তাই নিরক্ষরতা দূরীকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ মোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হাবীবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা এবং জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন চাঁদপুরের প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন এবং হিন্দুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাসেম।
বক্তারা বলেন, মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং একটি শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠনে সাক্ষরতার বিকল্প নেই। সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত জরুরি।
আলোচনা সভার পূর্বে সকালে সদর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।














