Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • জনগণের আস্থা অর্জন করতে পারলেই জনপ্রতিনিধি হওয়া যাবে: এমপি মানিক

জনগণের আস্থা অর্জন করতে পারলেই জনপ্রতিনিধি হওয়া যাবে: এমপি মানিক

জনগণের আস্থা অর্জন করতে পারলেই জনপ্রতিনিধি হওয়া যাবে: এমপি মানিক

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার পদে প্রার্থীদের জনগণের আস্থা অর্জন, দলীয় শৃঙ্খলা মেনে চলা এবং জনসেবার মানসিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি বলেছেন, যারা জনগণের দোরগোড়ায় যেতে পারবেন, মানুষের পাশে দাঁড়াবেন এবং জনকল্যাণে কাজ করবেন, তাঁদেরই সমর্থন করা হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে চাঁদপুর সদর উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, আপনারা বিএনপি ও ধানের শীষকে ভালোবাসেন বলেই আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমি আপনাদের সহযোগিতা করছি। তবে সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে এবং জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে।

প্রার্থী হওয়ার ক্ষেত্রে দলীয় বিধিনিষেধের বিষয়ে তিনি বলেন, ছাত্রদলের কেউ চেয়ারম্যান বা মেম্বার পদে প্রার্থী হতে পারবেন না। বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকরা নির্বাচনে প্রার্থী হতে চাইলে তাঁদের আগে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করতে হবে। প্রার্থী নির্বাচনে দলীয় পরিচয়ের পাশাপাশি ব্যক্তিগত যোগ্যতা, সততা ও জনসেবার মানসিকতা বিবেচনা করা হবে।

দলের নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়ে সংসদ সদস্য বলেন, দলের মধ্যে একদিকে হাইব্রিড, অন্যদিকে দলের প্রতি নিবেদিতপ্রাণ নেতাকর্মী রয়েছেন। যারা সত্যিকার অর্থে দলকে ভালোবাসেন এবং জনগণের পাশে থাকেন, তাঁদের মূল্যায়ন করতে হবে। সালিশ কিংবা মামলা-সংক্রান্ত বিষয়ে বিতর্ক সৃষ্টি না করে যারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, তাঁদের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। অপরাধ ছোট হোক কিংবা বড়—সব অপরাধই অপরাধ।

জনপ্রতিনিধিদের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, চেয়ারম্যান ও মেম্বারদের মসজিদের ইমামের মতো দায়িত্বশীল ও আদর্শবান হতে হবে। সরকার ইউনিয়ন পরিষদের উন্নয়নে বরাদ্দ দেবে। কিন্তু জনপ্রতিনিধিরা বসে বসে খাবেন কিংবা বরাদ্দের অর্থ লুটপাট করবেন, সেই দিন শেষ। জনপ্রতিনিধিদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরের ফ্যাসিস্ট হাসিনার শাসনামলের কথা ভুলে যান। এটা তারেক রহমানের বাংলাদেশ। আমরা কাউকে লজ্জা দিতে চাই না। এখনো সময় আছে, নিজেরাই সিদ্ধান্ত নিন—আপনারা নির্বাচন করবেন কি না এবং সেই দায়িত্ব পালনের যোগ্যতা আপনাদের আছে কি না।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে উল্লেখ করে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ব্যক্তির চেয়ে দল বড়। তাই দলীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দল যাঁকে মনোনীত করবে, তাঁর পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলীয় ঐক্য বজায় রাখতে হবে।

চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

14 October 2026

জনগণের আস্থা অর্জন করতে পারলেই জনপ্রতিনিধি হওয়া যাবে: এমপি মানিক

www.hostbuybd.com