Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • পায়ে গুরুতর আঘাত, বাংলোয় বসেই অফিস করছেন ইউএনও

পায়ে গুরুতর আঘাত, বাংলোয় বসেই অফিস করছেন ইউএনও

পায়ে গুরুতর আঘাত, বাংলোয় বসেই অফিস করছেন ইউএনও

নিজস্ব প্রতিনিধি:

ব্যাডমিন্টন খেলতে গিয়ে ডান পায়ের গোড়ালির লিগামেন্টে গুরুতর আঘাত পেয়েছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম। চিকিৎসকের পরামর্শে ২৮ দিনের বিশ্রামে থাকলেও থেমে নেই তাঁর দাপ্তরিক কার্যক্রম। উপজেলা কার্যালয়ে যেতে না পারায় নিজের সরকারি বাংলোয় বসেই নিয়মিত দাপ্তরিক দায়িত্ব পালন করছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) সকালে নিজের দাপ্তরিক ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ইউএনও জানান, পায়ের গোড়ালির লিগামেন্টে আঘাতের কারণে গত দুই সপ্তাহ ধরে উপজেলা কার্যালয়ে উপস্থিত হতে পারছেন না। তবে তাঁর বাংলোর কার্যালয়ে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম চলছে। কোনো সরকারি সেবা গ্রহণ কিংবা অন্য প্রয়োজনে সাক্ষাৎ করতে হলে সেবাপ্রত্যাশীদের বাংলোর কার্যালয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর ব্যাডমিন্টন খেলতে গিয়ে কে এম ইশমামের ডান পায়ের গোড়ালির লিগামেন্ট আংশিক ছিঁড়ে যায়। পরে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসক তাঁকে ২৮ দিনের বিশ্রামের পরামর্শ দেন। বর্তমানে তাঁর ডান পায়ে ব্যান্ডেজ রয়েছে।

শারীরিক অসুস্থতার কারণে ১৯ অক্টোবর থেকে বাংলোয় অবস্থান করেই দাপ্তরিক কাজ করছেন ইউএনও। সেখানে বসেই ফাইলপত্রে স্বাক্ষর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এবং সাধারণ মানুষের নানা সমস্যার সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। এমনকি মাঝেমধ্যে পায়ে ব্যান্ডেজ নিয়েই উপজেলা পরিষদের আশপাশে উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন ও তদারকি করছেন।

সরেজমিনে ইউএনওর বাংলোয় গিয়ে দেখা যায়, সেখানে সেবাপ্রত্যাশীদের বেশ ভিড়। আগত ব্যক্তিদের কথা মনোযোগ দিয়ে শুনছেন তিনি। বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে ফোন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করছেন।

সেবা নিতে আসা এক স্থানীয় বাসিন্দা জানান, তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন। আর্থিক সহায়তার আশায় ইউএনওর কাছে এসেছেন। তাঁর সমস্যা শুনে সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি আবেদন জমা দিতে বলেছেন ইউএনও।

মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ চন্দ্র সরকার জানান, কলেজের কয়েকটি ফাইল ও ভাউচারে স্বাক্ষর নিতে তিনি ইউএনওর কাছে এসেছিলেন। অসুস্থ শরীর নিয়েও তিনি দ্রুত প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করে দিয়েছেন।

মতলব পৌরসভার নির্বাহী কর্মকর্তা ছাইফুর রহমান বলেন, পৌরসভার বিভিন্ন দাপ্তরিক কাজে প্রায় প্রতিদিনই ইউএনওর কাছে যেতে হয়। পায়ে ব্যান্ডেজ নিয়ে হুইলচেয়ারে বসেও তিনি ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এটি তাঁর অদম্য মানসিকতার পরিচয় বহন করে।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি কে এম ইশমাম মতলব পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ ছাড়া কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বেও রয়েছেন তিনি।

ইউএনও কে এম ইশমাম বলেন, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নানা প্রয়োজনে তাঁর কাছে আসেন। কেউ যেন সেবা থেকে বঞ্চিত না হন কিংবা হয়রানির শিকার না হন, সে জন্য বাংলোয় বসেই দিন-রাত দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। এটি তাঁর নৈতিক ও দাপ্তরিক দায়িত্বের অংশ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

09 November 2026

পায়ে গুরুতর আঘাত, বাংলোয় বসেই অফিস করছেন ইউএনও

www.hostbuybd.com