নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় পৃথক অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর বাজার ও বিতারা ইউনিয়নের মাঝিগাছা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৭টা ৫০ মিনিটে পালাখাল মডেল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেঘদাইর বাজারে আবুল হোসেনের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে সুমন (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশ। তিনি পালাখাল গ্রামের পাটোয়ারী বাড়ির দুলাল মিয়ার ছেলে। এ সময় তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
অন্যদিকে, একই দিন রাত ৮টা ১০ মিনিটে উপজেলার ৩ নম্বর বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামের ভূঁইয়া বাড়ির সামনে অভিযান চালিয়ে ইব্রাহিম (২৫) নামে আরেক যুবককে আটক করা হয়। তিনি সাচার ইউনিয়নের শুয়ারুল গ্রামের বাসিন্দা। বর্তমানে মাঝিগাছা গ্রামে বসবাস করছিলেন। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য তিন হাজার টাকা।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে পৃথক অভিযান দুটি পরিচালিত হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) সোহেল খান ও এসআই (নিরস্ত্র) ফ.ম. শাহজাহান সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কচুয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাদের যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
















