Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত

চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত

চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত

চাঁদপুর প্রতিনিধি:

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চাঁদপুরে টানা বৃষ্টিপাতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে বৃষ্টির কারণে বাড়তে শুরু করেছে শীতের আমেজ। গত ২৪ ঘণ্টায় জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে দিনভর কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মাঝারি ধরেণের বৃষ্টি হওয়ায় জনজীবনে নেমে এসেছে কিছুটা স্থবিরতা। বিশেষ করে নিম্নআয়ের মানুষ ও দিনমজুররা পড়েছেন বিপাকে। অনেকেরই দৈনিক আয় নেমে এসেছে অর্ধেকে।

শুক্রবার ছুটির দিন হওয়ায় প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হননি। যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হয়েছেন, তাদের অধিকাংশকেই ছাতা নিয়ে চলাচল করতে দেখা গেছে। তবে বিকেলের দিকে শহরের বিভিন্ন সড়কে মানুষের উপস্থিতি কিছুটা বাড়ে। বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন রিকশা ও অটোরিকশাচালক, ভ্রাম্যমাণ ব্যবসায়ী এবং দৈনিক আয়ের ওপর নির্ভরশীল শ্রমজীবী মানুষ।

শহরের বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীর অপেক্ষায় থাকা সিএনজিচালিত অটোরিকশাচালক আনোয়ার হোসেন গাজী জানান, প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি অন্তত এক থেকে দেড় হাজার টাকা ভাড়া পান। কিন্তু বৃষ্টির কারণে শুক্রবার ৮০০ টাকাও আয় করতে পারেননি।

মিশন রোড এলাকার রিকশাচালক সোলাইমান বলেন, বৃষ্টির কারণে সড়কে লোকজনের চলাচল কম। রিকশায় যাত্রীও মিলছে না তেমন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তার আয় হয়েছে মাত্র ২০০ টাকা।

একই এলাকার সবজি বিক্রেতা জাহাঙ্গীরও পড়েছেন বিপাকে। বৃষ্টির মধ্যে পলিথিন টানিয়ে সকাল থেকে ক্রেতার অপেক্ষায় বসে থাকলেও বিক্রি হয়েছে খুবই কম। তিনি জানান, সবজি বিক্রি করেই তার সংসার চলে। তাই বৃষ্টি হলেও জীবিকার তাগিদে দোকান নিয়ে বসতে হয়েছে।

এদিকে গত এক সপ্তাহ ধরে শীতের আগমনী আবহে শহরের নিউ ট্রাক রোডে তিনটি দোকানে শীতের পিঠা বিক্রি শুরু হয়েছিল। কিন্তু শুক্রবারের বৃষ্টিতে কোনো দোকানই বসেনি। ভ্রাম্যমাণ হকারদের উপস্থিতিও ছিল হাতে গোনা। অন্যদিকে ক্রেতা টানতে এক কলা বিক্রেতাকে ‘কলার দাম অর্ধেক, নিয়ে যান’ বলে হাঁকডাক করতে দেখা যায়।

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলীয় জেলা চাঁদপুরে গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

20 November 2026

চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত

www.hostbuybd.com