Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক:

দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার জন্য সকল সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগস্থ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে ‘দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, “অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। কিন্তু আজ সেই সুযোগ বিনষ্ট করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ সবসময় সংগ্রাম করে অধিকার আদায় করেছে এবং দেশের বিরুদ্ধে চলা সকল ষড়যন্ত্র রুখে দিতে তারা সক্ষম হবে।”

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের যে সুনাম ও ঐতিহ্য রয়েছে, তা সমুন্নত রাখতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই; আমরা সবাই বাংলাদেশি নাগরিক এবং এই মাটির সন্তান। সংবিধান প্রদত্ত অধিকার রক্ষায় সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে।”

কঠিন চীবর দানকে বৌদ্ধ সম্প্রদায়ের একটি ঐতিহ্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ ধরনের আয়োজন সমাজে শান্তি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেয়। তিনি গৌতম বুদ্ধের আদর্শ অনুসরণ করে অন্ধবিশ্বাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করে জ্ঞান, যুক্তি ও নৈতিকতার পথ বেছে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বৌদ্ধ সম্প্রদায়ের প্রয়াত ধর্মীয় নেতাদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন দাবির প্রেক্ষিতে রাষ্ট্রপতি জানান, বর্তমান সরকার সকল ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন ও অধিকার রক্ষায় বদ্ধপরিকর। এর অংশ হিসেবে বৌদ্ধবিহার ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কারে আর্থিক অনুদান, ভিক্ষুদের সম্মানী ভাতা এবং শিশুদের প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বক্তব্যে তিনি এ দেশের বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চীন থেকে অতীশ দীপঙ্করের পবিত্র দেহভস্ম বাংলাদেশে ফিরিয়ে এনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছিলেন, যা আজও ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে অমূল্য সম্পদ হিসেবে সংরক্ষিত আছে।

অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং তিনি একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথের-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন সংঘের মহাসচিব অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক সুকোমল বড়ুয়া ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

24 November 2026

দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

www.hostbuybd.com