ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নাম মুছে ব্যক্তিগত নাম লেখার অপচেষ্টা এবং এনটিআরসিএ-এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কাছে মোটা অংকের চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের ১৮ জন শিক্ষক-কর্মচারী।
বুধবার (০৫ নভেম্বর) দুপুরে কাঠালিয়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম খান অভিযোগ করেন, বিদ্যালয় সংলগ্ন বাসিন্দা এনায়েত জমাদ্দার বিদ্যালয় ভবনের নামফলক থেকে ‘তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়’ নাম মুছে ‘এনায়েত জমাদ্দার মাধ্যমিক বিদ্যালয়’ লিখে দেন। যদিও পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তা সংশোধন করা হয়েছে।
প্রধান শিক্ষক আরও অভিযোগ করেন, এনটিআরসিএ-এর নিয়োগপ্রাপ্ত তিনজন নতুন শিক্ষক—সহকারী শিক্ষক (ইংরেজি) রেজওয়ান হাসান, সহকারী শিক্ষক (গণিত) হাসান জমাদার এবং সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) সিনিগ্ধা আক্তার সুমা-এর এমপিওভুক্তির প্রক্রিয়া চলছে। এই সময়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার কাঠালিয়া প্রতিনিধি পরিচয়ে বাদল হাওলাদার নামের এক সাংবাদিক, এনায়েত জমাদ্দার, দেলোয়ার সিকদার ও তাদের লোকজন এই শিক্ষকদের কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।
দাবিকৃত টাকা না পেয়ে অভিযুক্তরা বিদ্যালয়ের মাঠের পাশে লাগানো বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ কেটে ও ভেঙ্গে নষ্ট করে ফেলেন। এছাড়া প্রধান শিক্ষক ও নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদেরকে বিভিন্ন মোবাইল নম্বর (০১৯১১৪৭৭৯৪৯, ০১৮৮৬৪৭৭৯৪৯ ও ০১৭৪২১৭৫৪২৮) ব্যবহার করে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিদ্যালয়ের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়ানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে অফিস সহকারী মোঃ মনির হোসেন ও সহকারী শিক্ষক শিমু আক্তার জানান, বাদল হাওলাদার নামে ওই সাংবাদিক তাদের কাছ থেকে দুই দফায় ৪ হাজার টাকা চাঁদা নিয়েছেন।
প্রশাসনের কাছে জানানো সত্ত্বেও চক্র সক্রিয়:
শিক্ষক-কর্মচারীরা জানান, এই চাঁদাবাজ চক্রের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলেও তাদের কার্যকলাপ থেমে নেই।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ রেজওয়ান, মোঃ হাসান জমাদ্দার, সহকারী শিক্ষক শিমু আক্তার ও অফিস সহকারী মোঃ মনির হোসেন বক্তব্য রাখেন। এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অভিযুক্তদের বক্তব্য:
এ বিষয়ে জানতে চাইলে এনায়েত জমাদ্দার বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নিজের নাম লেখার বিষয়টি স্বীকার করে জানান, কাঠালিয়া ইউএনও-এর নির্দেশে তা সংশোধন করা হয়েছে। তিনি গাছ ভাঙার কথাও স্বীকার করেন, তবে স্কুলের মাঠের জমিটি নিজের বলে দাবি করেন। তিনি চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন।
অপরদিকে, সাংবাদিক পরিচয়দানকারী বাদল হাওলাদারও তার বিরুদ্ধে ওঠা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন।
আরো পড়ুন: https://banglaralo24tv.com/
















