নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে শুরু হলো চতুর্থ পর্যায়ের তিন দিনব্যাপী “নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স”।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে এই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। “থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কোর্সে জেলার বিপুল সংখ্যক পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুমিল্লা মহোদয়।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পাদনে বাংলাদেশ পুলিশের ভূমিকা সর্বাগ্রে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি প্রতিটি পুলিশ সদস্যকে উদ্দেশ করে বলেন, “নির্বাচনী দায়িত্ব পালনের সময় আপনাদের প্রত্যেককে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ বজায় রাখার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। এই প্রশিক্ষণ আপনাদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বাড়াতে সাহায্য করবে, যাতে আপনারা নিরপেক্ষতা বজায় রেখে কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারেন।”
জেলা পুলিশ সূত্রে জানা যায়, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে পুলিশ সদস্যদের স্পষ্ট ধারণা দেওয়া, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাপনা, ভিভিআইপি নিরাপত্তা, নির্বাচনী প্রচারণার সময় আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি পেশাদারিত্বের সাথে মোকাবিলার কৌশল সম্পর্কে জ্ঞান দান করা। এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি করে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে তাদের ভূমিকা নিশ্চিত করা হবে।
আরো পড়ুন: https://banglaralo24tv.com/
















