মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় জমজমাট “ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট”-এর শিরোপা জিতেছে পিরোজপুরের মঠবাড়িয়া ইনান এক্সপ্রেস একাদশ।
বুধবার (১২ নভেম্বর) কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে তারা শক্তিশালী কাঠালিয়া উপজেলা ফুটবল একাডেমি একাদশকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকায় টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের নিষ্পত্তি হয়।
স্থানীয় ক্রীড়াসংস্থার সহযোগিতায় কাঠালিয়া উপজেলা প্রশাসন আয়োজিত এ টুর্নামেন্টে বরিশাল বিভাগের বরগুনা, পিরোজপুর এবং ঝালকাঠি জেলার মোট আট উপজেলার আটটি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্থানীয় এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা খেলোয়াড়দের পাশাপাশি নাইজেরিয়ার ৫ জন ফুটবলার অংশ নেওয়ায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। আকর্ষণীয় এ খেলা দেখতে মাঠের চারপাশে বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী মানুষ ভিড় জমায়।
খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম। চ্যাম্পিয়ন মঠবাড়িয়া ইনান এক্সপ্রেস একাদশকে প্রাইজ মানি হিসেবে ৩৫ হাজার টাকা এবং রানারআপ কাঠালিয়া উপজেলা ফুটবল একাডেমি একাদশকে ২০ হাজার টাকা প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেনলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলম প্রমূখ।
















