হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
“সবুজে বাঁচুক ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হাইমচর উত্তর শাখা সম্প্রতি এক বৃক্ষরোপণ অভিযান চালিয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।
হাইমচর উত্তর থানা শাখার সভাপতি মো: আজমীর হাসানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সেক্রেটারি মো. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াতের আমীর মাও. আবুল হোসাইন এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মো. নাঈম ইসলাম। এছাড়া ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সাবেক শিক্ষা সম্পাদক ও হাইমচর উপজেলা সভাপতি আব্দুল কাদের নাঈমও উপস্থিত ছিলেন।
বক্তারা বৃক্ষরোপণের উপকারিতা এবং পরিবেশ রক্ষায় এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তারা পরিবেশ সুরক্ষার দায়িত্ব সকলের মাঝে ভাগ করে নেওয়ার আহ্বান জানান। ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, “প্রতিটি তরুণ যদি অন্তত একটি গাছ রোপণ ও লালনের দায়িত্ব নেয়, তাহলে আগামীর বাংলাদেশ হবে আরও সবুজ ও নিরাপদ।”
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয় এবং একটি করে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে ছাত্রশিবির একটি সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গঠনে নিজেদের ভূমিকা প্রমাণ করেছে।








