Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

TnewsTnews
  • Home
  • জাতীয়
  • জুলাই সনদ স্বাক্ষরের আমন্ত্রণ জানাতে খালেদা জিয়ার সঙ্গে ঐকমত্য কমিশনের সাক্ষাৎ

জুলাই সনদ স্বাক্ষরের আমন্ত্রণ জানাতে খালেদা জিয়ার সঙ্গে ঐকমত্য কমিশনের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

বহুল কাঙ্ক্ষিত ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা। কমিশনের পক্ষ থেকে তাকে এই ঐতিহাসিক আয়োজনে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) রাত ৮টা থেকে রাত ৮টা ২৫ মিনিট পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কমিশনের সভাপতি ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এই আমন্ত্রণপত্র তুলে দেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও মনির হায়দার চৌধুরী। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

ঐকমত্য কমিশন খালেদা জিয়ার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও ‘জুলাই সনদ স্বাক্ষর’ অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। তারেক রহমান বর্তমানে দেশের বাইরে অবস্থান করায়, তাঁর আমন্ত্রণপত্র চেয়ারপারসনের একান্ত সচিবের কাছে হস্তান্তর করা হয়।

জুলাই সনদ স্বাক্ষরের আমন্ত্রণ জানাতে খালেদা জিয়ার সঙ্গে ঐকমত্য কমিশনের সাক্ষাৎ

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. বদিউল আলম মজুমদার বলেন, “ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে খালেদা জিয়ার কাছে আমন্ত্রণ জানাতে এসেছি। তিনি খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করেছেন। খালেদা জিয়া এই দাওয়াতে আনন্দিত হয়েছেন। শুক্রবারের জাতীয় জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট।”

মনির হায়দার চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমরা আশা করি সব রাজনৈতিক দলই এতে অংশ নেবে। খালেদা জিয়া অংশগ্রহণ করুন বা না করুন, তাকে আমন্ত্রণ জানানোর জন্য ড. ইউনূস বিশেষ নির্দেশ দিয়েছেন। তিনি এ সনদ স্বাক্ষরের সাফল্য কামনা করেছেন। কমিশন এখনই কোনো নেতিবাচক চিন্তা করতে চায় না।”

‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’ স্বাক্ষর হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর)। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় এই আয়োজন শুরু হবে। এই আয়োজনে সশরীরে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তার অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts